রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

মো. ইব্রাহীম খলিল মোল্লা | মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি   |   রবিবার, ১২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   231 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেঘনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
‘টাইফয়েড জ্বর প্রতিরোধে-টিকা নেবো দল বেঁধে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মেঘনা উপজেলায় শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫।
রোববার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিচালনায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ (UNICEF), গ্যাভি (Gavi) ও পাথ (PATH)-এর বাস্তবায়নে উপজেলার কান্দারগাঁও মুজাফফর আলী হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, টিকাদান কর্মসূচির আওতায় উপজেলার আটটি ইউনিয়নের ২৪টি ওয়ার্ডে ৩৭৮টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্র সংখ্যা ১৮৫টি এবং কমিউনিটি পর্যায়ের কেন্দ্র সংখ্যা ১৯৩টি। মোট টিকাদান লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩২,১৫০ জন শিশুর, যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা ২২,১৬৭ জন এবং কমিউনিটি পর্যায়ে ৯,৯৮৩ জন।
তবে প্রথম দিনে মেঘনা উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে বড়কান্দা, ভাওরখোলা, লুটেরচর, গোবিন্দপুর ও চন্দনপুর টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। এদিন মোট ১৩টি ওয়ার্ডের ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানে টিসিভি (Typhoid Conjugate Vaccine) টিকা প্রদান করা হয়। প্রথম দিনের টিকাদান কর্মসূচির লক্ষ্য ছিল ৩,৩৭৯ জন শিক্ষার্থী, এর মধ্যে ১,৭০১ জন ছাত্র এবং ১,৬৭৮ জন ছাত্রী টিকা নেওয়ার জন্য নির্ধারিত ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। টিকা নেওয়ার মাধ্যমে শিশুরা এই রোগ থেকে নিরাপদ থাকতে পারবে। তাই অভিভাবকদের প্রতি অনুরোধ, নির্ধারিত সময়ে যেন তারা তাদের সন্তানদের টিকা দেওয়ার জন্য নিয়ে আসেন।”
তিনি আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে মেঘনায় টাইফয়েড প্রতিরোধে একটি সমন্বিত জনস্বাস্থ্য উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে, যা উপজেলার ভবিষ্যৎ প্রজন্মকে রোগমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী আনোয়ার হোসেন, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বক্তারা জানান, মেঘনা উপজেলার সব ইউনিয়নের বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রে পর্যায়ক্রমে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। নির্ধারিত বয়সের শিশুদের বিনামূল্যে টিকা দেওয়া হবে। পাশাপাশি, এই কর্মসূচির মাধ্যমে উপজেলায় টাইফয়েড প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com