রাজবাড়ী সরকারি শিশু পরিবারে (বালিকা) নিবন্ধিত নিবাসী বালিকাদের স্বাবলম্বী ও দক্ষ করে তোলার লক্ষ্যে ‘নকশী কাঁথা প্রকল্পের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে রাজবাড়ী সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ে উপ-পরিচালক আবুসালে মোহাম্মদ আলী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। এ সময় সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক আব্দুর রাজ্জাক, আরশী মহিলা সংস্থার সভাপতি শামসুন্নাহার চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, শিশু পরিবারের বালিকাদের কারিগরি ও হস্তশিল্পে দক্ষ হওয়ার আহ্বান জানান এবং এ ধরনের সৃজনশীল উদ্যোগ তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজসেবা কার্যালয় ও জেলা প্রশাসনের স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারী ও নিবাসীরা উপস্থিত ছিলেন।