শিরোনাম >>
শিরোনাম >>

রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে পোস্টমাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   153 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে পোস্টমাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা

রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের সঞ্চয় হিসাবের অর্থ আত্মসাতের অভিযোগে পোস্টমাস্টারসহ সাতজনের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ৬১ জন গ্রাহকের মোট ৯১ লাখ ৫৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।

রোববার (২ আগস্ট) রাজবাড়ীর সিনিয়র বিশেষ জজ আদালতে মামলাটি দায়ের করেন কুষ্টিয়া বিভাগের পোস্ট অফিস পরিদর্শক (প্রশাসন) মো. শহিদুল ইসলাম।

মামলার আসামিরা হলেন – রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টার বিকাশ চন্দ্র, লেটার রাইটার শিহাব মৃধা, শিহাবের ভাই ও পিএলআই এজেন্ট মাহবুব হাসান মৃধা, শিহাবের মামা অফিস সহায়ক রেজাউল আলম, তৎকালীন ট্রেজারার নাজমুল হাসান, পোস্টাল অপারেটর মো. গোলাম মোস্তফা বাচ্চু এবং পোস্টাল অপারেটর প্রণব কুমার সরকার।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে ডাকঘর সঞ্চয় ব্যাংকের ৬১ জন গ্রাহকের জমাকৃত ৯১ লাখ ৫৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত শিহাব মৃধার মা শিউলী বেগম গত ৩০ জুলাইয়ের মধ্যে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার লিখিত অঙ্গীকার করেছিলেন। তবে পরে তিনি সেই অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানান।

রাজবাড়ী আদালতের আইনজীবী অ্যাডভোকেট বিজন কুমার ঘোষ বলেন, মামলাটি আদালত গ্রহণ করেছেন। বাদী আদালতে উপস্থিত হয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন। আদালত অভিযোগ আমলে নিয়েছেন এবং পরবর্তী আদেশ পরে দেওয়া হবে।

এর আগে গত ৩০ জুলাই একই ঘটনায় ভুক্তভোগী গ্রাহকদের পক্ষে নাছরিন আক্তার রাজবাড়ীর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর আমলি আদালতে পৃথক একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ১৩ জনকে আসামি করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে তাদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযোগের মূল অভিযুক্ত লেটার রাইটার শিহাব মৃধা গত ১২ জুলাই তদন্তের সময় ডাকঘরে উপস্থিত থাকলেও তাকে আটক করা হয়নি। এরপর থেকেই তিনি পলাতক। এদিকে ঘটনার প্রশাসনিক তদন্তে গত ১৬ জুলাই খুলনা দক্ষিণাঞ্চলের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে দ্রুত তদন্ত শেষ করে দায়-দায়িত্ব নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজবাড়ী প্রধান ডাকঘরের বর্তমান পোস্টমাস্টার শামীম আহমেদ বলেন, তিনি গত ৬ জুলাই রাজবাড়ী প্রধান ডাকঘরে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর অভিযোগের বিষয়টি জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। বর্তমানে গঠিত তদন্ত কমিটি বিষয়টি তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি আরও জানান, শিহাব মৃধা সরকারি কর্মচারী নন। ডাক অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী তিনি হেল্পিং হ্যান্ড হিসেবে লেটার রাইটারের দায়িত্ব পালন করতেন। অভিযোগ অনুযায়ী, সঞ্চয় হিসাব খোলার নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণ করে তা সরকারি কোষাগারে জমা না দেওয়ার ঘটনাই তদন্তের মূল বিষয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফোরাম(UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: scscnewsbd@gmail.com