নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | 140 বার পঠিত | পড়ুন মিনিটে

চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত বানভাসিদের পাশে ইউনাইটেড সিটিজেন্স ফোরাম ও পথশিশু আশ্রয় কেন্দ্র: জরুরি চিকিৎসাসেবা, অর্থ ও বস্ত্র বিতরণ
চট্টগ্রাম, বাংলাদেশ — সাম্প্রতিক ভয়াবহ বন্যায় আক্রান্ত চট্টগ্রামের দুর্গত এলাকাগুলোতে সফলভাবে মানবিক সহায়তা ও জরুরি ত্রাণ কার্যক্রম সম্পন্ন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইউনাইটেড সিটিজেন্স ফোরাম (UCF) ও পথশিশু আশ্রয় কেন্দ্র।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মুহা. মীযানুর রহমান আদীব-এর দিকনির্দেশনা ও সার্বিক নেতৃত্বে এই মানবিক মিশনটি পরিচালিত হয়।
বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি সামাল দেওয়া এবং দুর্গত মানুষের তাৎক্ষণিক চাহিদা পূরণের লক্ষ্যে মাঠপর্যায়ে একটি সমন্বিত ত্রাণ ও চিকিৎসা ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এই ক্যাম্পেইনে সংগঠনের প্রেসিডেন্ট মুফতি আব্দুল কুদ্দুস আজিজী নিজে মাঠে উপস্থিত থেকে নিজ হাতে সাধারণ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী, নগদ অর্থ ও বস্ত্র বিতরণসহ সমস্ত কাজ সম্পন্ন করেন।
পুরো কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় ছিলেন মুক্তার হোসেন, মফিজুল হক চৌধুরী, মোহাম্মদ আল-আমিনসহ সংগঠনের নিবেদিতপ্রাণ দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মুহা. মীযানুর রহমান আদীব-এর সুদূরপ্রসারী পরিকল্পনায় ক্যাম্পেইনে মোট ৩টি প্রধান সেবা প্রদান করা হয়। এর মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় আক্রান্ত ১৩০ জনেরও বেশি বানভাসি মানুষকে প্রয়োজনীয় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও জরুরি ওষুধ দেওয়া হয়।
পাশাপাশি, বাসস্থান পুনর্বাসন ও জরুরি খরচের কথা চিন্তা করে ৪০টিরও বেশি পরিবারকে সরাসরি নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে চারশতেরও বেশি এতিম শিশু ও স্থানীয় দুস্থ মানুষের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়, যা এই কঠিন সময়ে তাদের মুখে কিছুটা হলেও হাসি ফুটিয়েছে।
কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মুহা. মীযানুর রহমান আদীব জানান, বন্যায় সহায় সম্বল হারানো মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের প্রেসিডিয়াম ও ভলান্টিয়ার টিম অত্যন্ত প্রতিকূল পরিবেশের মধ্যেও নিরলসভাবে কাজ করে সেবা পৌঁছে দিয়েছে। আমাদের আহ্বানে সাড়া দিয়ে যেসব প্রবাসী, বিত্তবান ও ডোনাররা আর্থিক ও মানসিকভাবে সহায়তা করেছেন, তাদের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। তাদের দেওয়া আমানত শতভাগ স্বচ্ছতার সাথে আমরা ভুক্তভোগীদের হাতে পৌঁছে দিয়েছি।
সংগঠনটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুর্যোগ পরবর্তী এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও দেশের যেকোনো প্রান্তের অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারা অঙ্গীকারবদ্ধ।