নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 334 বার পঠিত | পড়ুন মিনিটে

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে প্রায় ৩২ ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করা হলেও তাকে বাঁচানো যায়নি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা রাকিব উদ্দিনের সাথে থাকার সময় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়।
উদ্ধারকারী দল শিশুটিকে বাঁচিয়ে রাখতে পাইপের মাধ্যমে গর্তে অক্সিজেন সরবরাহ চালু রেখে প্রায় ৪০ ফুট মাটি খনন করে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এবং তিনটি এক্সকেভেটরের ব্যবহার করেও শিশুটিকে উদ্ধার করতে প্রায় ৩২ ঘণ্টা সময় লেগে যায়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় এবং তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান SCSC NEWS-কে নিশ্চিত করেন, “দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পর আমরা অবিরাম উদ্ধার প্রচেষ্টা চালিয়েছি। দুর্ভাগ্যবশত শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি।”
স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা গভীর নলকূপের গর্তটি কোনোরকম সতর্কতা সংকেত বা বেষ্টনী ছাড়াই খোলা ছিল, যা এমন মর্মান্তিক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং জরুরিভিত্তিতে সব পরিত্যক্ত কূপ, গর্ত ও নির্মাণস্থল নিরাপদ করার দাবি জানান।