নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 45 বার পঠিত | পড়ুন মিনিটে

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ীতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার চরলক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে রেহেনা বেগমের বাড়ির উঠানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস, রাজবাড়ী এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকার উপপরিচালক কাজী শাম্মীনাজ আলম। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার রেখা ইসলাম।
সমাবেশে সরকারের অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, হেলথ কার্ড, বৃক্ষরোপণ ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, হাম-রুবেলাসহ প্রয়োজনীয় টিকাদান, ইভটিজিং, মাদক ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ, সামাজিক মূল্যবোধ, জাতীয় আইনগত সহায়তা, গ্রাম আদালত, নাগরিক অধিকার, নারীর ক্ষমতায়ন এবং কর্মসংস্থানের মাধ্যমে নারীদের আত্মমর্যাদা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কাজী শাম্মীনাজ আলম বলেন, সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির আওতায় প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সুরক্ষা দিতে প্রাথমিক পর্যায়ে নারীপ্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড এবং কৃষকের সার্বিক সুরক্ষায় কৃষক কার্ড দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এর পাশাপাশি কৃষি ঋণ মওকুফ, হেলথ কার্ড, বৃক্ষরোপণ ও খাল খননসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার রেখা ইসলাম বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই সরকার অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনি ইশতেহারে ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। জেলা তথ্য অফিস, রাজবাড়ী এসব কর্মসূচির অগ্রগতি এবং ইশতেহারের আলোকে জনগণকে দেওয়া বিভিন্ন সেবা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করছে।
সমাবেশে চরলক্ষ্মীপুর গ্রামের শতাধিক নারী অংশগ্রহণ করেন।