অনলাইন ডেস্ক | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 23 বার পঠিত | পড়ুন মিনিটে

বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর কড়াকড়ি! রাত ৮টার পর দোকান ও শপিংমল খোলা রাখলেই ব্রাহ্মণবাড়িয়ায় আইনি ব্যবস্থা।
-সংগৃহীত
রাত ৮টার পর দোকান খোলা রাখলেই আইনি ব্যবস্থা: ব্রাহ্মণবাড়িয়া প্রশাসনের কঠোর হুঁশিয়ারি
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পরও দোকানপাট ও শপিংমল খোলা রাখায় কঠোর অবস্থান নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। রাত ৮টার পর শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা ও জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন রাত আটটার মধ্যে সকল দোকানপাট, বিপণন বিতান ও শপিংমল বন্ধ করার কথা থাকলেও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে তা সঠিকভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সরেজমিন ঘুরে দেখা যায়, অনেক ব্যবসায়ী ইচ্ছামতো দোকান খোলা রাখছেন, আবার অনেকেই শাটার আংশিক নামিয়ে ভেতরে কেনাবেচা চালাচ্ছেন। ফলে ব্যাহত হচ্ছে সরকারি সিদ্ধান্ত ও জ্বালানি সাশ্রয়ের মূল উদ্দেশ্য। নিয়ম অমান্য করার এই প্রবণতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি আদেশ বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের তদারকি আরও জোরদার করা হবে।
জাতীয় পর্যায়ে জ্বালানি সাশ্রয়ের এই উদ্যোগ বাস্তবায়নে শহরের সকল ব্যবসায়ী ও মালিক সমিতিকে নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ রাখার অনুরোধ করেছে প্রশাসন। পাশাপাশি জনস্বার্থে এই অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়।