| বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 36 বার পঠিত | পড়ুন মিনিটে

সহপাঠীদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এবং প্রতিবাদকারী ১০ শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে যেতে বাধা দেওয়ার অভিযোগে বিক্ষোভ।
ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহপাঠীদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এবং স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীদের অভিযোগ, নবম শ্রেণির এক শিক্ষার্থী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কয়েকজন নারী সহপাঠীর আপত্তিকর ছবি তৈরি করেছে। পাশাপাশি অশালীন বার্তা পাঠানো, অনাকাঙ্ক্ষিত আচরণ এবং ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
বিক্ষোভকারীদের দাবি, অভিযোগের প্রতিবাদ করায় ১০ শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে অংশ নিতে বাধা দেওয়া হয়। তারা আরও অভিযোগ করেন, স্কুল কর্তৃপক্ষ ভুক্তভোগীদের অভিযোগ যথাযথভাবে গ্রহণ করেনি।
শিক্ষার্থীরা নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ভুক্তভোগী ও প্রতিবাদকারীদের হয়রানি বন্ধ করা এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা, অনলাইন প্রযুক্তির অপব্যবহার এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের বিষয়গুলো নতুন করে আলোচনায় এসেছে।
— মুহা. মীযানুর রহমান আদীব | অনলাইন ডেস্ক | SCSCNEWS