মেহেদী হাসান উলিপুর, কুড়িগ্রাম। | রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 32 বার পঠিত | পড়ুন মিনিটে

উলিপুরে মাদকের বিরুদ্ধে অভিযান! ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
-সংগৃহীত
কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনের সময় হাতেনাতে সাব্বির হোসেন ওরফে সাহিদ (২৪) নামের এক যুবককে আটক করেছে মোবাইল কোর্ট। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার দলদলিয়া ইউনিয়নের বেটুবাড়ি ভাটুয়ার কুঠি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত সাব্বির ওই এলাকার এরশাদুলের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইয়াবা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬ নম্বর ধারায় তাঁকে এই সাজা প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে এবং জনস্বার্থে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।