নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 211 বার পঠিত | পড়ুন মিনিটে

ঢাকার উত্তর বাড্ডা এলাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে একটি মিছিল পুলিশ বাধা দিয়ে আটকে দিয়েছে। ‘জুলাই ঐক্য’ নামক প্ল্যাটফর্মের ডাকা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি বুধবার বিকেলে রামপুরা ব্রিজ থেকে শুরু হওয়ার পর হোসেন মার্কেটের সামনে পুলিশ তাদের এগোতে বাধা দেয়।
নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ
পুলিশের বাধার মুখে মিছিলকারীরা সেখানে অবস্থান নিয়ে ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ও ‘ভারতীয় আধিপত্য, মানি না, মানব না’ সহ বিভিন্ন স্লোগান দেন। ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান SCSC NEWS-কে বলেন, “মিছিলটি হোসেন মার্কেটের সামনে আটক করা হয়েছে এবং সেখানে তারা তাদের বক্তব্য রাখার সুযোগ পেয়েছে।”
এই কর্মসূচির প্রেক্ষিতে কুড়িলের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) ‘নিরাপত্তাজনিত কারণে’ বুধবার দুপুর থেকে কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়।
এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে। ভারতের এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনাপ্রবাহ নিয়ে উগ্রবাদী শক্তি যে মিথ্যা বয়ান তৈরি করতে চায়, ভারত তা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছে।”
উল্লেখ্য, এর আগে সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। বুধবারের এই ঘটনায় দুই দেশের কূটনৈতিক স্তরে উত্তেজনা পরিলক্ষিত হচ্ছে।