নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 397 বার পঠিত | পড়ুন মিনিটে

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদীকে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় প্রকাশ্য দিবালোকে গুলি করা হয়েছে। জুমার নামাজ শেষে বের হওয়ার পর তাকে লক্ষ্য করে মোটরসাইকেল আরোহী দু’জন ব্যক্তি কাছ থেকে গুলি চালায়।
হামলায় ওসমান হাদীর মুখের বাঁ দিকের চোয়ালে গুলি লাগে। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা তার অবস্থাকে ‘অত্যন্ত সংকটজনক’ ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে কৃত্রিম কোমায় রয়েছেন এবং সার্জারি চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সেলিম SCSC NEWS-কে বলেন, “হামলাকারীরা মোটরসাইকেলে চড়ে এসে খুব কাছ থেকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। আমরা ঘটনাস্থল থেকে তদন্ত শুরু করেছি।”
প্রত্যক্ষদর্শী একজন দোকানদার বলেন, “এমন জনবহুল এলাকায় দুপুরে এভাবে গুলি চালানো সত্যিই ভয়ঙ্কর। শব্দ শুনে সবাই ছোটাছুটি শুরু করে।”
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ আগে ওসমান হাদী তার ফেসবুক পাতায় নিরাপত্তা হুমকির কথা উল্লেখ করেছিলেন। তিনি ঢাকা-৮ আসনে আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন।
এই ঘটনায় নির্বাচনী সহিংসতা ও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ঢাকা মহানগর পুলিশের কমিশনার কার্যালয় থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্তে একটি বিশেষ দল গঠন করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।