নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 252 বার পঠিত | পড়ুন মিনিটে

দুর্নীতি দমন কমিশন (দুদক)
-ফাইল ছবি
দুর্নীতি দমন কমিশন (দুদক) সাড়ে আট কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক বর্তমানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ পদে দায়িত্ব পালন করছেন।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বৃহস্পতিবার SCSC NEWS-কে নিশ্চিত করেন, “শফিক আহমেদের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে। দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে এই মামলা দায়ের করবেন।”
দুদকের দাবি অনুযায়ী, শফিক আহমেদের মোট অর্জিত সম্পদের মূল্য ১৭ কোটিরও বেশি টাকা। তবে তাঁর বৈধ আয়ের উৎস মাত্র ৯ কোটি ৩২ লাখ টাকার মতো। ফলে ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকা সম্পদ অবৈধভাবে অর্জিত বলে অভিযোগ করা হয়েছে।
দুদকের অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, শফিক আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন, ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দুর্নীতির মাধ্যমে এই সম্পদ অর্জন করেছেন।
উল্লেখ্য, গত ২৫ জুলাই শফিক আহমেদ ও তাঁর ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে গাজীপুরে অবস্থিত ২৩১ শতক জমি জব্দের আদেশ দিয়েছিল আদালত। দুদকের এই মামলার মাধ্যমে সেই তদন্তেরই ধারাবাহিকতা বজায় থাকল।