ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 210 বার পঠিত | পড়ুন মিনিটে

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ৩৫টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান।
তিনি জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ককটেল তৈরির তিন কারিগরকে আটক করে। পরে তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক উপাদান আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়। তাঁদের দেওয়া তথ্যে শুক্রবার সন্ধ্যায় আবারও অভিযান চালানো হয়। এ সময় ক্যাম্পের বিভিন্ন ঘর থেকে ৩৫টি ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত অন্যরা পালিয়ে যায়।
ডিএমপির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করেছে। রাত সোয়া আটটা পর্যন্ত অভিযান চলছিল বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
এর আগে বুধবার দিনভর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন, ১০০ গ্রাম গাঁজা ও ২টি ককটেল উদ্ধার করা হয়। অভিযানে অপহৃত এক শিশুকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—সোহাগ (১৯), নাঈম (২১), নাসের আহমেদ ওরফে সুমন (৪৮), মোবারক (২১), শাহরিয়ার আলম ওরফে নাফিস (১৮), সোহাগ হাওলাদার (৩৪), কোরবান (৩০), আকাশ (১৯), শেফালি (৪০), মরিয়ম (২১), নয়ন (২৪), ইমন ওরফে কানা ইমন (২০), বিনি ইয়ামিন ওরফে পিয়াস (২৬), শামীম (৩০), আবদুর রাজ্জাক (৩০), আবদুল হামিদ (৬০) ও আবদুর রহমান (৪৫)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার আসামিও রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
📢 SCSC NEWS-এর বার্তা: রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার হয়েছে। জেনেভা ক্যাম্পে ককটেল উদ্ধার এবং বিভিন্ন অপরাধে গ্রেপ্তার অভিযানের মাধ্যমে নিরাপত্তা জোরদার করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
____________________________________________________________________________________________