| বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 89 বার পঠিত | পড়ুন মিনিটে
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টির প্রভাবে সমুদ্র উত্তাল থাকতে পারে। এ পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দরে দূরবর্তী সতর্ক সংকেত নম্বর ২ দেখাতে বলা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ আবহাওয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’ গতকাল মধ্যরাতে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ২৮০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ১৯০ কিলোমিটার এবং পায়রা থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং বৃহস্পতিবার সকালে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তী সময়ে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছে সাগর খুব উত্তাল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দূরবর্তী সতর্ক সংকেত নম্বর ২ দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে এবং সতর্কতার সঙ্গে চলাচল করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়টির গতিপথ ও শক্তি পরিবর্তনের ওপর নজর রাখছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্র ও উপকূলীয় এলাকায় অবস্থানরত নৌযানগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।