ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 174 বার পঠিত | পড়ুন মিনিটে
দেশব্যাপী সরবরাহে সংকটের আশঙ্কা
-সংগৃহীত
এলপিজি সিলিন্ডারের খুচরা বাজারে অতিরিক্ত তদারকি বন্ধ, কোম্পানি ও ভোক্তার মধ্যবর্তী যৌক্তিক কমিশন নির্ধারণ এবং তেলের মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির সঠিক মূল্য সমন্বয়ের দাবিতে দেশব্যাপী এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের ডাক দিয়েছে এলপিজি ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন। এই ধর্মঘটের কারণে বাসা-বাড়ি, হোটেল-রেস্তোরাঁ এবং দূরপাল্লার যানবাহন খাতে গ্যাস সিলিন্ডার সরবরাহে দেশজুড়ে এক বড় ধরনের সংকটের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, নির্ধারিত মূল্যে বাজারে গ্যাস সরবরাহ এবং ডিস্ট্রিবিউটরদের ন্যায্য কমিশন নিশ্চিত না করে অনাকাঙ্ক্ষিতভাবে খুচরা পর্যায়ে তদারকি চালানো হচ্ছে, যার ফলে তাদের চরম আর্থিক লোকসানের মুখে পড়তে হচ্ছে। দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কাছে দাবি জানানোর পরও কার্যকর কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়েই তারা এই কঠোর ধর্মঘটের পথ বেছে নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে কোম্পানি থেকে গ্যাস উত্তোলন এবং খুচরা পর্যায়ে সিলিন্ডার সরবরাহ বন্ধ রাখার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এদিকে, হঠাৎ এলপিজি ডিস্ট্রিবিউটরদের এমন ধর্মঘটের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ ভোক্তা ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বাসাবাড়ির প্রতিদিনের রান্নাবান্নার পাশাপাশি হোটেল, রেস্তোরাঁ এবং গণপরিবহনে এলপিজি ব্যবহারকারী চালকেরা নতুন করে চরম ভোগান্তির মুখে পড়ার আশঙ্কা করছেন। সংকটের তীব্রতা এড়াতে অনতিবিলম্বে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ও সংশ্লিষ্ট অংশীদারদের সমন্বয়ে জরুরি আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের তাগিদ দিয়েছেন বাণিজ্য খাতের সচেতন বিশ্লেষকরা।
সংবাদটি সম্পাদনা করেছেন: মোহাম্মদ রুবেল হাওলাদার।