| রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 103 বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম কেটে নেওয়ার সিদ্ধান্ত বাতিল ও পুনর্বহালের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বিক্ষোভকারীরা। এছাড়া সদর উপজেলাকে বিভক্ত করার গভীর ষড়যন্ত্রের প্রতিবাদেও এই বিক্ষোভ চলছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বাসুদেব ইউনিয়নবাসী। এই অবরোধের ফলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে পারাবত এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, মহানগর গোধূলী ও সুবর্ণ এক্সপ্রেসসহ গুরুত্বপূর্ণ এই দুই রুটের বেশ কিছু ট্রেনের নির্দিষ্ট সময়ে যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
একই সময়ে বিক্ষোভকারীরা আখাউড়া-আগরতলা সড়কপথও অবরোধ করেন। এর ফলে ভারতগামী যাত্রী ও পণ্যবাহী যানসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সীমান্তগামী ও সাধারণ পথচারীরা চরম বিপাকে পড়েছেন।
আন্দোলনের নেপথ্য কারণ:
স্থানীয়রা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল—ভেঙে ‘বরিশল’ নামে একটি নতুন ইউনিয়ন পরিষদ গঠন করে তা আখাউড়া উপজেলার সাথে যুক্ত করা হয়। গত ৪ জুন এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। শুরু থেকেই বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা এর প্রতিবাদ জানিয়ে আসলেও কোনো সুরাহা মেলেনি।
এরই মধ্যে সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে আখাউড়া উপজেলার সাথে যুক্ত করা বরিশল ইউনিয়নের সমন্বয়ে ‘বরিশল’ নামে একটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভূঁইয়ার একক আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ সম্প্রতি এ বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি দাপ্তরিক চিঠি পাঠিয়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়েন এবং এই কর্মসূচি ঘোষণা করেন।
প্রশাসনের বক্তব্য:
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, “অবরোধের খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। আন্দোলনকারীদের সাথে আলোচনা চলছে এবং জানমালের কোনো ক্ষতি যাতে না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।”
— মফিজুল হক চৌধুরী | ব্রাহ্মণবাড়িয়া | এসসিএসসি নিউজ ডেস্ক