অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 51 বার পঠিত | পড়ুন মিনিটে

হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস নয়! ভারত থেকে হস্তান্তরে প্রত্যর্পণ চুক্তিই ব্যবহার করা হবে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
-সংগৃহীত
ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ভারত থেকে তাঁকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি কেবল বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই সম্পন্ন করা হবে বলে জোর দাবি করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) প্রতিনিধিদলকে বিদায় জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিচারিক প্রক্রিয়া ও আদালতের পরোয়ানার ভিত্তিতে গুরুতর অপরাধে অভিযুক্ত বা পলাতক ব্যক্তিদের হস্তান্তরে পাসপোর্ট বা ট্রাভেল পাসের কোনো প্রয়োজন পড়ে না। অপরাধীদের ফিরিয়ে আনতে দুই দেশের প্রত্যর্পণ চুক্তিই আইনি কাঠামো হিসেবে যথেষ্ট।
শেখ হাসিনার কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী কোনো পলাতক ব্যক্তিকে সাধারণ ভ্রমণকারী হিসেবে গণ্য করার সুযোগ নেই। বাংলাদেশ চায় ভারতীয় কর্তৃপক্ষ তাঁকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করুক। পৃথক এক প্রসঙ্গে প্রস্তাবিত বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর নিয়ে তিনি জানান, ঢাকা একে ইতিবাচক হিসেবে দেখলেও বাস্তবায়নের আগে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রয়োজন।