ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 69 বার পঠিত | পড়ুন মিনিটে

চাঁদাবাজি বন্ধ ও ভোক্তা অধিকার রক্ষায় কঠোর নতুন আইন আনছে সরকার!
-সংগৃহীত
পণ্য পরিবহন ও বাজারে অবৈধ চাঁদাবাজি রোধ এবং সাধারণ ভোক্তার অধিকার সুসংহত করতে কঠোর নতুন আইন পাসের চিন্তাভাবনা করছে সরকার। নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি, অসাধু সিন্ডিকেট এবং সড়ক-মহাসড়কে চাঁদাবাজির কারণে সৃষ্ট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আইন ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত নতুন আইনে অবৈধ চাঁদাবাজি এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের জন্য পূর্বের তুলনায় সাজা ও জরিমানার পরিমাণ বহুগুণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বিশেষ করে মহাসড়ক ও পাইকারি বাজারে চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুতবিচার নিশ্চিত করতে কঠোর ধারার সংযোজন করা হতে পারে। একই সঙ্গে অসাধু মজুতদারদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেওয়া হবে সংশ্লিষ্ট তদারকি সংস্থাগুলোকে।
সংশ্লিষ্ট নীতি-নির্ধারকেরা জানিয়েছেন, বিদ্যমান আইনি প্রক্রিয়ায় কিছু ফাঁকফোকর থাকার কারণে অসাধু চক্র সুযোগ নিয়ে থাকে। নতুন এই যুগোপযোগী আইন কার্যকর হলে পণ্য সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন হবে এবং বাজারে চাঁদাবাজি বন্ধ হলে দ্রত নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে। শীঘ্রই আইনটির খসড়া চূড়ান্ত করে মন্ত্রিসভার বৈঠকে তোলা হতে পারে।
সংবাদটি সম্পাদনা করেছেন: মোহাম্মদ রুবেল হাওলাদার।