ডেস্ক রিপোর্ট | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 94 বার পঠিত | পড়ুন মিনিটে

সেন্ট মার্টিন দ্বীপের বিদ্যমান পর্যটন নীতি ও বিধিমালা পুনঃপর্যালোচনা
-সংগৃহীত
কক্সবাজারের প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষার পাশাপাশি পর্যটন ব্যবসা সচল রাখার স্বার্থে সেখানকার বিদ্যমান পর্যটন নীতি ও বিধিমালা পুনঃপর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা এবং দেশি-বিদেশি পর্যটকদের সুবিধা নিশ্চিত করতে পরিবেশ ও পর্যটন খাতের সংশ্লিষ্টদের দাবির মুখে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
সম্প্রতি সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত ও অবস্থান নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেওয়া বেশ কিছু বিধিনিষেধ বাস্তবায়নে জটিলতা দেখা দেয়। স্থানীয় ব্যবসায়ী, ট্রলার মালিক এবং পর্যটন খাতের স্টেকহোল্ডাররা এসব নিয়ম শিথিল ও বাস্তবসম্মত করার দাবি জানিয়ে আসছিলেন। সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে পরিবেশ ও অর্থনীতির মাঝে একটি টেকসই ভারসাম্য তৈরি করতে বিধিমালাগুলো পুনর্বিবেচনার পথ সুগম করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রবাল, সামুদ্রিক কচ্ছপ ও বিরল প্রজাতির জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি পর্যটন মৌসুমে সেন্ট মার্টিনে পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণ, জাহাজের সংখ্যা নির্ধারণ, রাত্রীযাপন ও বর্জ্য ব্যবস্থাপনার নিয়মগুলো নতুন করে খতিয়ে দেখা হবে। দ্রুতই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের সাথে বৈঠকের মাধ্যমে কার্যকর ও সময়োপযোগী নীতিমালা চূড়ান্ত করা হবে বলে আশা করা হচ্ছে।
সংবাদটি সম্পাদনা করেছেন: মোহাম্মদ রুবেল হাওলাদার।