কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি মুদি দোকানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেঘনা থানার এএসআই নূরনবীসহ পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।
অভিযান সূত্রে জানা যায়, মানিকারচর বাজারের হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মূল্য তালিকা না রাখার অপরাধে ২ হাজার ৫০০ টাকা এবং একই অপরাধে টিএন্ডটি মোড়ের শ্রী প্রহলাদ ট্রেডার্সের মালিক গোবিন্দ শাহাকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাক বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শনসহ ভোক্তা অধিকার সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ব্যবসায়ীরা যাতে আইন মেনে ব্যবসা পরিচালনা করেন এবং ক্রেতারা ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারেন, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।