রুবেল হাওলাদার | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 155 বার পঠিত | পড়ুন মিনিটে

প্রাথমিকের দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতেও লটারিতে ভর্তির পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের।
-সংগৃহীত
প্রথম শ্রেণির পর এবার প্রাথমিকে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তিতেও লটারি পদ্ধতি ফিরিয়ে আনার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকের কোনো শ্রেণিতেই আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে না, সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া লটারির মাধ্যমেই পরিচালিত হবে। তবে মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানা গেছে।
এর আগে মার্চ মাসে এক ঘোষণায় ভর্তিতে লটারি ব্যবস্থা প্রত্যাহার করে ভর্তি পরীক্ষা চালুর কথা বলা হয়েছিল। তবে প্রথম শ্রেণির পর অন্যান্য শ্রেণিতেও ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়ে শিক্ষাবিদ ও শিক্ষাসংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে তীব্র আপত্তি দেখা দেয়। তাঁদের মতে, কোমলমতি শিশুদের ওপর ভর্তি পরীক্ষার নামে অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি হবে এবং নতুন করে কোচিং-প্রাইভেট বাণিজ্যের বিস্তার ঘটবে, যা শিক্ষাব্যবস্থায় বৈষম্য তৈরি করতে পারে। এ ছাড়া সারা দেশে বিপুলসংখ্যক শিশুর ভর্তি পরীক্ষা আয়োজন করা শিক্ষা প্রশাসনের জন্যও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াত।
এমন উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষাসংশ্লিষ্টদের প্রতিক্রিয়া ও সার্বিক বাস্তবতা বিবেচনা করে প্রাথমিক স্তরে ভর্তি পরীক্ষা না নিয়ে লটারি পদ্ধতিতেই ভর্তি কার্যক্রম পরিচালনা করার বিষয়ে ভাবছেন নীতি নির্ধারকেরা। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে পর্যালোচনা চলছে। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অংশীজনদের গঠনমূলক মতামত ও সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত দ্রুত জানানো হবে।
উল্লেখ্য, ইতিপূর্বে করোনার সংক্রমণের প্রেক্ষাপটে সব শ্রেণিতে লটারি ব্যবস্থা চালু করা হলেও অতি সম্প্রতি প্রথম শ্রেণির ভর্তিতে লটারি বহাল রেখে অন্যান্য শ্রেণিতে লিখিত পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। শিক্ষাবিদেরা মনে করছেন, প্রাথমিক স্তরের শিশুদের জন্য লটারি পদ্ধতিই তুলনামূলক শ্রেয়, তবে এই প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।