ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 289 বার পঠিত | পড়ুন মিনিটে

ইমরান খান
-ফাইল ছবি
সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে সমর্থন করে অনলাইনে উসকানিমূলক কার্যক্রম চালানোর অভিযোগে আট সাংবাদিক ও ইউটিউবারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি সন্ত্রাসদমন আদালত। শুক্রবার ঘোষিত এই রায়ে দেশটির গণমাধ্যম অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ।
আদালতে উপস্থিত না থাকলেও অভিযুক্তদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, অভিযুক্তদের ডিজিটাল কার্যক্রম পাকিস্তানের প্রচলিত আইনে সন্ত্রাসবাদের সংজ্ঞার মধ্যে পড়ে এবং তা সমাজে ভয় ও অস্থিরতা ছড়িয়েছে।
দণ্ডপ্রাপ্তদের অধিকাংশই বর্তমানে পাকিস্তানের বাইরে অবস্থান করছেন এবং বিচারপ্রক্রিয়ায় অংশ নেননি। সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ও ইউটিউবার আদিল রাজা ও সৈয়দ আকবর হুসেন, সাংবাদিক ওয়াজাহাত সাইদ খান, সাবির শাকির ও শাহীন সেহবাই, ভাষ্যকার হায়দার রেজা মেহদি এবং রাজনৈতিক বিশ্লেষক মইদ পিরজাদা।
আদালত জানায়, ২০২৩ সালের ৯ মে ইমরান খানের গ্রেপ্তারের পর দেশটির বিভিন্ন অঞ্চলে সহিংস প্রতিবাদ ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সে সময় সামরিক স্থাপনায় হামলার ঘটনাও ঘটে। এসব ঘটনায় অনলাইনে উসকানি দেওয়ার সঙ্গে অভিযুক্তদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে আদালত মত দেয়।
উল্লেখ্য, গত বছরের ২০ ডিসেম্বর তোষাখানা দুর্নীতি-২ মামলায় ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে তাঁরা রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন।