ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 158 বার পঠিত | পড়ুন মিনিটে

ডা. শফিকুর রহমান।
-সংগৃহীত
দেশের স্বার্থে বিএনপির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বৈঠক শেষে সাংবাদিকদের ডা. শফিকুর রহমান জানান, দেশে একটি সুন্দর ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচনের পর সরকার গঠনের আগের সময়ে সবাই মিলে একসঙ্গে কাজ করা যায় কি না, সে বিষয়েই আলোচনা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা প্রয়োজন।
এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া তিনবার দেশ পরিচালনার দায়িত্ব পালন করেছেন এবং গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি আপসহীন ভূমিকা রেখেছেন। সেই সংগ্রামের মূল্য তাঁকে ব্যক্তিগত জীবনে গভীরভাবে দিতে হয়েছে।
এদিকে ভারতের সঙ্গে গোপন বৈঠক নিয়ে সাম্প্রতিক আলোচনার বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, তাঁর সঙ্গে ভারতের কোনো গোপন বৈঠক হয়নি। অসুস্থতা কাটিয়ে বাসায় ফেরার পর বিভিন্ন দেশের কূটনীতিকসহ অনেকে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। সেই সময় ভারতীয় দুজন কূটনীতিকও অন্যদের মতো সাধারণ সৌজন্য সাক্ষাৎ করেন।
তিনি আরও জানান, ভবিষ্যতে যদি দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো বৈঠক হয়, তা প্রকাশ্যেই হবে এবং এতে গোপনীয়তার কিছু থাকবে না। এ বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব যুবায়ের, নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসেন এবং সাইফুল আলম খান মিলন।