মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়ন জমা হলেও একে অপরের আসনে প্রার্থী, শেষ মুহূর্ত পর্যন্ত চলছে দরকষাকষি

আসন সমঝোতায় টানাপোড়েন, জামায়াত–ইসলামী আন্দোলনের জোট নিয়ে অনিশ্চয়তা

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   360 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আসন সমঝোতায় টানাপোড়েন, জামায়াত–ইসলামী আন্দোলনের জোট নিয়ে অনিশ্চয়তা

জামায়াত ইসলামী–ইসলামী আন্দোলন

-ফাইল ছবি

চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের নায়েবে আমিরের আসনে জামায়াতে ইসলামী প্রার্থী দিলেও জামায়াত আমিরের আসনে কোনো প্রার্থী দেয়নি ইসলামী আন্দোলন। মনোনয়নপত্র জমা দেওয়ার পরও দুই দলের মধ্যে জোট বা আসন সমঝোতা চূড়ান্ত হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

নির্বাচন কমিশনের প্রার্থী তালিকা এবং সংশ্লিষ্ট দলগুলোর সূত্র অনুযায়ী, যেসব আসন একে অপরকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল, সেখানেও উভয় দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে সমঝোতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

জামায়াতে ইসলামী মোট ২৭৬টি আসনে প্রার্থী দিয়েছে। ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছে ২৬৮টি আসনে। জামায়াত এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপি ও বিডিপিসহ শরিকদের জন্য ২৪টি আসনে প্রার্থী দেয়নি। তবে ইসলামী আন্দোলনের জন্য আলাদা করে কোনো আসন ফাঁকা রাখা হয়নি।

জামায়াত সূত্র বলছে, হাতপাখা প্রতীকের জন্য ৩১টি আসন ছাড়তে সম্মত হলেও ইসলামী আন্দোলন অন্তত ৭৫টি আসনে নির্বাচন করতে চায়। পাশাপাশি নতুন দল এনসিপিকে ৩০টি আসন ছাড় দেওয়ায় চরমোনাই নেতৃত্বাধীন দলটি অসন্তোষ প্রকাশ করেছে।

যেসব আসনে জামায়াত ইসলামী আন্দোলনকে ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সেখানেও দাঁড়িপাল্লার প্রার্থী রয়েছে। আবার ইসলামী আন্দোলন যে আসনগুলো জামায়াতকে ছাড় দেওয়ার কথা বলেছিল, সেখানেও হাতপাখার প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন।

চরমোনাই পীরের ভাই ও ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুটি আসনেই জামায়াতের প্রার্থী রয়েছে। একইভাবে বরিশাল-৪, ঢাকা-৪, খুলনা, রংপুর, কুমিল্লাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনেও উভয় দলের প্রার্থীদের মুখোমুখি অবস্থান দেখা যাচ্ছে।

অন্যদিকে জামায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধেও ইসলামী আন্দোলন প্রার্থী দিয়েছে। জামায়াত আমির, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলদের আসনে হাতপাখার প্রার্থী রয়েছে।

দলীয় সূত্রগুলো জানায়, জামায়াতের হিসাবে ২৪৮টি আসনে মোটামুটি সমঝোতা হলেও বাকি ৫২টি আসনে জরিপের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস এই প্রস্তাব মানেনি।

জোটের ভেতরে দায়িত্বশীল নেতারা প্রকাশ্যে আশাবাদী বক্তব্য দিলেও ভেতরের চিত্র ভিন্ন। নাম প্রকাশ না করার শর্তে উভয় পক্ষের একাধিক নেতা জানিয়েছেন, শেষ পর্যন্ত জোট হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

তবে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নেতা সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম জানিয়েছেন, জোট ভাঙার কোনো শঙ্কা নেই। আলোচনা এগোচ্ছে এবং শিগগিরই সমাধানে পৌঁছানো সম্ভব হবে।


মন্তব্য করুন
সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com