নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 252 বার পঠিত | পড়ুন মিনিটে

সুদানের আবেই এলাকায়জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন শান্তিরক্ষী শহীদ এবং আট জন আহত হয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই মর্মান্তিক ঘটনার তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত শনিবার স্থানীয় সময় আনুমানিক দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত কাদুগলি লজিস্টিক বেসে এই হামলা চালানো হয়। হামলায় শহীদ হওয়া শান্তিরক্ষীদের মধ্যে রয়েছেন কর্পোরাল মোঃ মাসুদ রানা (নাটোর) এবং সৈনিক শান্ত মন্ডল (কুড়িগ্রাম)। আহত আটজনের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান (কুষ্টিয়া) ও সৈনিক চুমকি আক্তার (মানিকগঞ্জ) রয়েছেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের মধ্যে সৈনিক মোঃ মেজবাউল কবিরের (কুড়িগ্রাম) অবস্থা গুরুতর ছিল এবং তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অন্য আহত সাত জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে স্থানান্তর করা হয়েছে এবং তারা সকলেই শঙ্কামুক্ত আছেন।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং বলা হয়েছে, “শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরবময় নিদর্শন হয়ে থাকবে।”
শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে।