ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 225 বার পঠিত | পড়ুন মিনিটে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর শ্বাসকষ্ট ও ফুসফুস সংক্রমণে আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশনে আছেন। চিকিৎসক দল তাঁর অবস্থাকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে ঘোষণা দিয়েছে।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, গত ২৩ নভেম্বর ভর্তির পর তাঁর অবস্থার অবনতি ঘটায় তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসায় সহায়তার জন্য চীনা বিশেষজ্ঞ এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ও লন্ডনের ক্লিনিকের চিকিৎসকদের সমন্বয়ে একটি আন্তর্জাতিক মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস সরেজমিন হাসপাতালে গিয়ে পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং সকল প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বার্তা পাঠিয়েছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদমাধ্যমকে বলেন, “আমাদের নেত্রীর অবস্থা অত্যন্ত জটিল। আমরা দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া ও মঙ্গল কামনা করছি।”
সরকারি সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে রাষ্ট্রীয় ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে এবং হাসপাতালে তাঁর নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষক ড. শাহেদুজ্জামান বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এই ঘটনা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল ও অনিশ্চিত করে তুলতে পারে।”
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছেন। চিকিৎসক দল জানিয়েছে, আগামী কয়েকদিন তাঁর চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।