ডেস্ক রিপোর্ট | শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 212 বার পঠিত | পড়ুন মিনিটে

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের মামলার রায় আগামী ১৭ নভেম্বর ঘোষণা করা হবে। আদালত এ বিষয়ে সকলকে অবহিত করেছে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে সরকারি সফরে পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রায় ঘোষণার দিন যাতে কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির শুরুর দিকে রোজার আগে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন শিগগিরই এর তারিখ ঘোষণা করবে। জনগণ ও রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে প্রশাসনের রদবদল করা হবে। নির্বাচনের আগে ৫ দিন, নির্বাচনের দিন এবং পরে ৩ দিন বিশেষ অভিযান পরিচালনা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিরাপত্তা ব্যবস্থা
নির্বাচন উপলক্ষে বিশাল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দায়িত্ব পালন করবেন—
– ১ লাখ সেনাবাহিনী সদস্য
– ১ লাখ ৫০ হাজার পুলিশ
– ৩৫ হাজার বিজিবি
– ৫ হাজার নৌবাহিনী
– ৪ হাজার কোস্ট গার্ড
– ৮ হাজার র্যাব
– সাড়ে ৫ লাখ আনসার সদস্য
সফর কর্মসূচি
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী কোস্টগার্ড বেইজ অগ্রযাত্রা এবং জেলা পুলিশ লাইনস পরিদর্শন করেন। পরে তিনি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেন।
______________________________________________