ডেস্ক রিপোর্ট | সোমবার, ১০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 200 বার পঠিত | পড়ুন মিনিটে

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন খোরাইদ জয়নগর এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে পারিবারিক কলহ। রোববার (৯ নভেম্বর) ভোরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেন তার স্ত্রী। গুরুতর আহত অবস্থায় স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীর নাম আকাশ (২৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে আকাশের দ্বিতীয় স্ত্রী মিম আক্তার (১৭) ধারালো ব্লেড দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করেন। ঘটনার সময় আকাশ ঘুমিয়ে ছিলেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত স্ত্রীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে গ্রেফতার করে প্রাথমিক চিকিৎসার জন্য শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন জানান, “ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
স্থানীয়দের দাবি, আকাশ তার প্রথম স্ত্রীর কথা গোপন রেখে দ্বিতীয় বিয়ে করেছিলেন। পরে আবার প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ শুরু করলে সন্দেহ ও ক্ষোভ থেকে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।