ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 20 বার পঠিত | পড়ুন মিনিটে
।
আখাউড়ায় বরিশল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে ৩ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নবগঠিত বরিশল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণে প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবন নির্মাণের জন্য ৩ কোটি ৬৯ লাখ ৬৭ হাজার ১৮৫ টাকা প্রাক্কলিত ব্যয় অনুমোদন করেছে। ইতোমধ্যে দরপত্র আহ্বানসহ নির্মাণকাজ শুরুর প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রকল্পের রূপরেখা ও দরপত্র প্রক্রিয়া
এলজিইডির ‘ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প (তৃতীয় পর্যায়)’-এর আওতায় ভবনটি নির্মিত হবে।
গত ১৫ নভেম্বর এলজিইডির প্রকল্প পরিচালক (ইউপিসিবিপি-৩) কার্যালয় থেকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুমোদিত প্রাক্কলন অনুযায়ী উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) ই-জিপির মাধ্যমে দরপত্র আহ্বান, মূল্যায়ন, ঠিকাদার নির্বাচন ও চুক্তি সম্পাদন করতে হবে। এক্ষেত্রে সরকারি ক্রয়বিধি-২০২৫ এবং ই-জিপি গাইডলাইন অনুসরণের নির্দেশ রয়েছে।
কাজ শেষ করার জন্য ৫১০ দিন অর্থাৎ ১৭ মাস সময় নির্ধারণ করা হয়েছে।
*কাজের মান ও কারিগরি শর্তাবলি*
নির্মাণকাজের গুণগত মান বজায় রাখতে বেশ কিছু কারিগরি ও প্রশাসনিক শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—
– অনুমোদিত নকশা ও ডিজাইন অনুযায়ী কাজ সম্পন্ন করা এবং নির্মাণসামগ্রীর মান যাচাই করা।
– প্রকৌশলীদের নিয়মিত তদারকি এবং ঢালাইয়ের সময় স্লাম্প টেস্ট পরিচালনা করা।
– জমির সীমানা চিহ্নিত করে দখল বুঝে নেওয়া।
– স্টিল শাটার ফরমওয়ার্ক ও প্রপিং স্টিল ব্যবহার করা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা।