| শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 98 বার পঠিত | পড়ুন মিনিটে
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা বলা হয়েছে।
এবারের শীত মৌসুমে দেশে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে।
শুক্রবার (৬ নভেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রকাশিত প্রতিবেদনে আবহাওয়া অধিদপ্তরের তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বর মাসে এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে। জানুয়ারিতে মাঝারি শৈত্যপ্রবাহের পাশাপাশি এক থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু এলাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হতে পারে। এসব অঞ্চলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে। তীব্র শৈত্যপ্রবাহের সময় কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।
এদিকে নদী অববাহিকায় রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে এবারের শীত তুলনামূলক উষ্ণ হতে পারে। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে অনিশ্চয়তা থাকায় নিয়মিত আবহাওয়ার বুলেটিন অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
—মুহা. মীযানুর রহমান আদীব | SCSCNEWS Desk