মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া ও সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ সাম্প্রতিক সহিংসতায় প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা, কঠোর ব্যবস্থার আশ্বাস

একের পর এক হামলা, ভাঙচুর ও দখলের ঘটনায় উদ্বেগ, দুঃখ প্রকাশ করে সরকার বলল ‘আমরা বিব্রত’

রুবেল হাওলাদার   |   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   144 বার পঠিত   |   পড়ুন মিনিটে

একের পর এক হামলা, ভাঙচুর ও দখলের ঘটনায় উদ্বেগ, দুঃখ প্রকাশ করে সরকার বলল ‘আমরা বিব্রত’

রাজধানীতে একের পর এক হামলা, ভাঙচুর ও ভবন দখলের ঘটনায় উদ্বিগ্ন জনমানুষ। নিরাপত্তা দিতে না পেরে দুঃখ প্রকাশ করে সরকার জানিয়েছে তারা বিব্রত।

-সংগৃহীত

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে সৃষ্ট দীর্ঘদিনের অস্বস্তির মধ্যেই একের পর এক হামলা, ভাঙচুর, জমি ও বহুতল ভবন দখল এবং স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনা জনমনে চরম উদ্বেগ বাড়িয়ে তুলেছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটা এসব ঘটনার কয়েকটিতে ক্ষমতাসীন দল বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারার দায় স্বীকার করে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে সরকার।

​সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজধানীর মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র এবং আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথাকথিত তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডে সরকারের অবস্থান ও রাজনৈতিক দুর্নামের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, প্রতিটি নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে কোনো নাগরিকের অধিকার ক্ষুণ্ন হওয়া কিংবা তাঁর সম্পদ ও স্থাপনা আক্রমণের শিকার হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই দৃষ্টিকোণ থেকেই সরকারের পক্ষ থেকে বিব্রত প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তিনি সাফ জানান, ঘটনাগুলোর পেছনে যারাই জড়িত থাকুক না কেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সকল অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

​রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র পর্যালোচনা করে দেখা যায়, সম্প্রতি মিরপুরে দীর্ঘদিনের পুরোনো ও জনপ্রিয় মা-শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ দুই শতাধিক সশস্ত্র ব্যক্তি এসে পুরোপুরি গুঁড়িয়ে দেয় এবং ব্যাপক লুটপাট চালায়। এই নজিরবিহীন ঘটনার রেশ কাটতে না কাটতেই ইসিবি চত্বরের একটি আবাসন প্রকল্পে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়। এ ছাড়া আদাবরের শ্যামলী হাউজিংয়ে একটি বহুতল ভবন দখলের চেষ্টা এবং মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে কয়েক শ লোক ঢুকে ভাঙচুর ও লুটপাট করার মতো গুরুতর অভিযোগ উঠেছে। এসব ঘটনাতেই শাসকদলের স্থানীয় কিছু নেতা-কর্মীর নাম আসার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

​সাম্প্রতিক সময়ের এই বিশৃঙ্খল পরিস্থিতি ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের আইন অমান্য করার প্রবণতা নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও নাগরিক সমাজ চরম উদ্বেগ প্রকাশ করেছেন। সরকারের শীর্ষ পর্যায় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতিতে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হলেও মাঠপর্যায়ে এর প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। অপরাধ দমনে এবং নিজ দলের নেতাকর্মীদের শৃঙ্খলা ফেরাতে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সরকারের ভাবমূর্তি আরও বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

মন্তব্য করুন
সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফাউন্ডেশন (UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]