ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 73 বার পঠিত | পড়ুন মিনিটে
অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে দ্বিগুণ জনবল নিয়ে বিজিবির কড়া পাহারা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আগামী ডিসেম্বর মাসকে সামনে রেখে যেকোনো অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক ও চোরাচালান রোধে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ২৫ বিজিবি ব্যাটালিয়ন। সীমান্তজুড়ে সন্দেহজনক গতিবিধি নজরদারিতে রাখতে নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসিটিভি ক্যামেরা ও আধুনিক থার্মাল ড্রোন ব্যবহার করা হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্ত এলাকার টহল কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিজিবির কুমিল্লা সেক্টরের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে সীমান্তজুড়ে টহল কার্যক্রম বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবির জনবল প্রায় দ্বিগুণ করা হয়েছে।
বিজিবি অধিনায়ক আরও জানান, আসন্ন ডিসেম্বর মাসের সার্বিক পরিস্থিতিকে সামনে রেখে আগে থেকেই প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই সেক্টরের অধীন ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলো চিহ্নিত করে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের পুশইন, নাশকতামূলক কর্মকাণ্ড, মাদক ও চোরাচালান হতে না পারে এবং মামলার পলাতক আসামিরা অবৈধভাবে দেশত্যাগ বা দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য প্রতিটি বিওপিকে (বর্ডার অবজার্ভেশন পোস্ট) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
চলতি বছরের অর্জন তুলে ধরে তিনি জানান, চলতি নভেম্বর মাস পর্যন্ত সীমান্ত এলাকার দায়িত্বপূর্ণ স্থানগুলো থেকে ৪টি বিদেশি পিস্তল, ৮টি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৪১০ কোটি ৩৭ লাখ টাকা। এসব অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৫৫ জন আসামিকে আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সীমান্ত সুরক্ষায় সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সীমান্তের যেকোনো সন্দেহজনক গতিবিধির তথ্য দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পকে জানানোর জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। সীমান্তবাসীর সুরক্ষায় বিজিবির এই কড়া টহল ও নজরদারি অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে বিজিবি অধিনায়ক সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের বিভিন্ন অপারেশনাল দিকনির্দেশনা দেন এবং তাদের মনোবল চাঙ্গা রাখতে নানা পরামর্শ প্রদান করেন।