ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 87 বার পঠিত | পড়ুন মিনিটে
সরকারি কর্মঘণ্টায় কর্মস্থলে অনুপস্থিত থেকে নাসিরনগরে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখার অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অতিরিক্ত দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা. আশরাফুল আমিন চৌধুরীর বিরুদ্ধে। অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে প্রাইভেট প্র্যাকটিস করার সময় সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং ভিডিও ধারণে বাধা দেন।
অভিযোগের মূল কেন্দ্রবিন্দু: সরকারি নিয়ম অনুযায়ী শনি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কর্মস্থলে থাকার কথা থাকলেও, ব্রাহ্মণবাড়িয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. আশরাফুল আমিন চৌধুরী এই নিয়ম অমান্য করে নিয়মিত বেসরকারি চেম্বারে সময় দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
সরেজমিন চিত্র: গত শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গিয়ে তার কক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। একই সময়ে নাসিরনগর উপজেলা সদরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে তাকে রোগী দেখতে দেখা যায়। এর আগে গত বৃহস্পতিবারও (১২ নভেম্বর) কর্মঘণ্টায় তাকে কর্মস্থলে পাওয়া যায়নি।
সাংবাদিকের ওপর ক্ষোভ: নাসিরনগরের বেসরকারি চেম্বারে রোগী দেখার সময় সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে মেজাজ হারিয়ে ফেলেন ওই চিকিৎসক। এ সময় তিনি ভিডিও ধারণে বাধা দেন এবং বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
ভোগান্তিতে সাধারণ রোগীরা: কেন্দ্রটিতে তিনজন চিকিৎসকের পদ থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র একজন। কিন্তু সেই একমাত্র চিকিৎসককেও নিয়মিত না পেয়ে দূরদূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা ছাড়াই খালি হাতে ফিরে যাচ্ছেন। ভুক্তভোগী রোগী মিজান মিয়া জানান, এর আগেও একাধিকবার এসে চিকিৎসককে পাননি তিনি।
অভিযুক্ত চিকিৎসক ডা. আশরাফুল আমিন চৌধুরী: অসুস্থতার অজুহাত দিয়ে তিনি দাবি করেন, “আমি অসুস্থ থাকায় আজকে ছুটিতে আছি। উপপরিচালক স্যারকে বলে মাঝেমধ্যে শনিবারে আমি একটু ছুটিতে থাকি। কেউ হয়তো শত্রুতা করে আপনাদের জানিয়েছে। গত বৃহস্পতিবার সাড়ে ৩টার পর আমি চেম্বারে ছিলাম।”
পরিবার পরিকল্পনা কার্যালয়: ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী বিষয়টি স্পষ্ট করে জানান, “অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে সরকারি কর্মঘণ্টায় বেসরকারি চেম্বারে রোগী দেখার কোনো সুযোগ নেই। আমি এ বিষয়ে খোঁজ নিয়ে দেখছি।