ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 108 বার পঠিত | পড়ুন মিনিটে
আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ ও বিএনপি কার্যালয় ভাঙচুর, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা সদরের সড়ক বাজার এলাকায় এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি দোকানপাটসহ উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়, যা স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মোবারক হোসেনকে সভাপতি ও জাকারিয়া আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তাঁরা দুজনই জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত।
শুক্রবার বিকেলে নবগঠিত কমিটির নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করে সড়ক বাজার এলাকায় পৌঁছান। একই সময় স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত পদবঞ্চিত নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে অপর একটি পক্ষ প্রতিবাদ মিছিল নিয়ে সেখানে আসে।
দুই পক্ষের মিছিল মুখোমুখি হলে প্রথমে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের নেতা-কর্মীরা একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। সংঘর্ষ চলাকালে সড়ক বাজারের কয়েকটি দোকানপাট এবং উপজেলা বিএনপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। আহত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, ছাত্রদলের দুই পক্ষের পাল্টাপাল্টি আনন্দ ও প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।