কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ঘরসহ একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় একটি গরু মারা গেছে। দগ্ধ হয়েছে আরও দুটি গরু ও তিনটি ভেড়া। আগুনে ধান, কৃষিকাজের যন্ত্রপাতি ও আসবাবপত্র পুড়ে যাওয়ায় প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক রঞ্জু মিয়া (৪৫)। দগ্ধ হয়েছেন কৃষক রঞ্জু মিয়াও।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের খৈ খাওয়ার কুটি এলাকায় রঞ্জু মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে বাড়ির চারটি ঘর, ছয় হর্সপাওয়ারের একটি শ্যালো মেশিন, তিন হর্সপাওয়ারের একটি পাম্প, ১০ মণ ধান ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ সময় গোয়ালঘরে থাকা একটি গরু আগুনে পুড়ে মারা যায়। দগ্ধ হয় আরও দুটি গরু ও তিনটি ভেড়া।
ক্ষতিগ্রস্ত বৃষক রঞ্জু মিয়া বলেন, আমার সব শেষ হয়ে গেছে। গরু, ভেড়া, শ্যালো মেশিন, পাম্পসহ কোন কিছুই রক্ষা করতে পারিনি। আমি এখন নিঃস্ব। ছেলে-মেয়ে নিয়ে কীভাবে সংসার চালাব, বুঝতে পারছি না।
এ বিষয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. আব্দুর রাজ্জাক মণ্ডল বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।