ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 132 বার পঠিত | পড়ুন মিনিটে
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ পরিকল্পনা; চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিলোমিটার!
-সংগৃহীত
ঢাকা ও চট্টগ্রামের মধ্যে যাতায়াত ব্যবস্থা আরও দ্রুত ও আধুনিক করতে ঢাকা-কুমিল্লা রুটে নতুন একটি উড়াল রেলপথ নির্মাণের উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রস্তাবিত এই নতুন রেলপথটি চালু হলে ঢাকা থেকে কুমিল্লার পথ অন্তত ৮০ কিলোমিটার কমে যাবে এবং চট্টগ্রামমুখী যাত্রীদের যাতায়াতের সময় প্রায় অর্ধেকের কাছাকাছি নেমে আসবে।
রেলওয়ে সূত্রে জানা যায়, বর্তমান ঢাকা-চট্টগ্রাম ট্রেন রুটটি টঙ্গী, ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়া ঘুরে আখাউড়া হয়ে বেশ ঘুরে কুমিল্লা পৌঁছায়, যা অনেক বেশি দীর্ঘ ও সময়সাপেক্ষ। নতুন পরিকল্পনায় নারায়নগঞ্জের মদনপুর থেকে কুমিল্লার ময়নামতি পর্যন্ত সরাসরি উড়াল (Elevated) রেলপথ নির্মাণের কথা বলা হয়েছে। ফলে আখাউড়া ও ভৈরবের দীর্ঘ পথ ঘুরে যাওয়ার প্রয়োজন হবে না।
প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে মাত্র ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা সময় লাগবে। এতে ব্যবসা-বাণিজ্য ও যাত্রী পরিবহনে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞরা। পরিবেশবান্ধব ও কম জমি অধিগ্রহণের সুবিধার্থে পুরো রুটটি উড়াল সেতু আকারে তৈরির নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শিগগিরই প্রকল্পটির চূড়ান্ত সমীক্ষা ও নকশা অনুমোদন প্রক্রিয়ার মধ্যে যাবে।
সংবাদটি সম্পাদনা করেছেন: মোহাম্মদ রুবেল হাওলাদার।