রুবেল হাওলাদার | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 335 বার পঠিত | পড়ুন মিনিটে
বাজারে ফের সয়াবিন তেলের কৃত্রিম সংকুুুুনগনুট
-সংগৃহীত
রাজধানীর বাজারে আবারও প্রকট হয়ে উঠেছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট। দাম বাড়ানোর অজুহাতে রিফাইনারি কোম্পানিগুলো বাজারে সরবরাহ কমিয়ে দেওয়ায় খুচরা দোকানগুলোতে চাহিদা অনুযায়ী মিলছে না এক, দুই ও পাঁচ লিটারের বোতলজাত তেল। কৃত্রিম এই সংকটের প্রভাবে খুচরা বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটারপ্রতি ২ থেকে ৪ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ভোজ্যতেলের এই অস্থিরতার মধ্যেই গত এক সপ্তাহের ব্যবধানে নতুন করে ডজনপ্রতি ১০ টাকা পর্যন্ত বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম।
বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, পলাশী বাজার ও কল্যাণপুর নতুন বাজারসহ বেশ কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ দোকানেই পর্যাপ্ত সয়াবিন তেলের বোতল নেই। অনেক বিক্রেতাই নিয়মিত ক্রেতাদের চাহিদা মেটাতে বাধ্য হয়ে গোপনে অল্প কিছু বোতল সরাচ্ছেন। বোতলজাত তেলের সংকটে খোলা তেলের ওপর চাপ বাড়ায় সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, খোলা সয়াবিনের দাম প্রতি লিটারে ১৯০ থেকে ১৯৫ টাকা এবং পাম তেল ১৭০ থেকে ১৭৫ টাকায় ঠেকেছে। মূলত দাম বাড়াতে গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠালেও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির স্পষ্ট জানিয়েছেন, পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই ছাড়া সরকার হুট করে তেলের দাম বাড়াবে না।
অন্যদিকে সপ্তাহের ব্যবধানে সাধারণ মানুষের প্রধান প্রোটিনের উৎস ফার্মের ডিমের দাম হালিপ্রতি ৫-১০ টাকা বেড়ে বর্তমানে ৫৫ টাকা এবং ডজনপ্রতি ১৫৫ থেকে ১৬০ টাকায় গিয়ে ঠেকেছে। পাড়া-মহল্লায় প্রতিটি ডিম বিক্রি হচ্ছে প্রায় ১৫ টাকায়। এর পাশাপাশি গত দুই মাস ধরে ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকার আশপাশে অবস্থান করছে এবং পাঙাশ, তেলাপিয়া, রুই ও পাবদাসহ সব ধরনের মাছের বাজারও বেশ চড়া। চাল, ডাল, তেল, ডিম ও মুরগির বাজার লাগামহীন হওয়ায় চরম ভোগান্তি ও অর্থকষ্টে দিন কাটাচ্ছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ।