রুবেল হাওলাদার | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 106 বার পঠিত | পড়ুন মিনিটে

উচ্ছেদ ঘিরে মিরপুরে রণক্ষেত্র
-সংগৃহীত
রাজধানীর মিরপুর–১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় উত্তেজিত হকার ও স্থানীয় ব্যবসায়ীরা একজোট হয়ে এই তাণ্ডব চালায়। সংঘর্ষ চলাকালে ডিএনসিসির অন্তত তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয় এবং পুলিশের গাড়িসহ একাধিক যন্ত্রপাতি ভাঙচুর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ সদস্যদের সাথে নিয়ে ডিএনসিসি প্রশাসন উচ্ছেদ অভিযান শুরু করলে আশপাশের হকার ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা সংগঠিত হয়ে উচ্ছেদকারী দলের ওপর হামলা চালান। উত্তেজিত জনতা প্রথমে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা অভিযানে ব্যবহৃত যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করেন। পর্যায়ক্রমে ডিএনসিসির ৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং একটি এক্সকাভেটর ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। অভিযান চলাকালে এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেও আগুনের সূত্রপাত হলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষ চরম আকার ধারণ করলে পুরো মিরপুর–১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় তীব্র যানজট ও আতঙ্কের সৃষ্টি হয়। পথচারীরা দিকবিদিক ছোটাছুটি করতে থাকেন এবং সংলগ্ন সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। হকারদের সরাতে পুলিশ একাধিক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে চারদিক থেকে হকারদের অবিরাম ইটপাটকেল নিক্ষেপ এবং বিপুল উপস্থিতির মুখে একপর্যায়ে পুলিশ সদস্যরা স্থান ছেড়ে পিছু হটতে বাধ্য হন।
এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেলের আঘাতে বেশ কয়েকজন পুলিশ সদস্য এবং দায়িত্ব পালনরত কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতি ও সার্বিক বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে শিগগিরই সাংবাদিকদের ব্রিফ করা হবে বলে জানানো হয়েছে।