রুবেল হাওলাদার | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 156 বার পঠিত | পড়ুন মিনিটে
বরিশালে বিদ্যুৎ ঘাটতি ৪০%:
-সংগৃহীত
বরিশাল বিভাগে তীব্র বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে। হঠাৎ করেই বিদ্যুৎ সরবরাহের ঘাটতি চাহিদার প্রায় ৪০ শতাংশে গিয়ে পৌঁছেছে। ফলে দিনরাত ২৪ ঘণ্টাই ভয়াবহ লোডশেডিংয়ে স্থবির হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলের স্বাভাবিক জনজীবন। অব্যাহত বিদ্যুৎ বিভ্রাটে এই অঞ্চলের প্রায় এক কোটি মানুষের আর্থ-সামাজিক ব্যবস্থা চরম নাজুক পরিস্থিতির মুখে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এবং বরিশাল অঞ্চলের ছয়টি পল্লী বিদ্যুৎ সমিতির মোট বিদ্যুতের চাহিদা প্রতিদিন প্রায় সাড়ে ৮শ’ মেগাওয়াট। কিন্তু এর বিপরীতে পাওয়ার গ্রিড কোম্পানি ডেল-পিক এবং নাইট-পিক আওয়ারে সাড়ে ৪শ’ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না। বিস্ময়কর বিষয় হলো, বরিশাল অঞ্চলে অবস্থিত কয়লা, ডিজেল ও গ্যাসচালিত বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে সাড়ে ৩ হাজার মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রগুলো জাতীয় গ্রিডকে সচল রাখলেও স্থানীয় পর্যায়ে এর কোনো সুফল পাচ্ছেন না বরিশালবাসী।
একদিকে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি সেলসিয়াস ওপরে উঠেছে, অন্যদিকে তীব্র লোডশেডিংয়ের কারণে জনজীবন ও স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে থমকে গেছে। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ সরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলা ও উপজেলার সব হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে শল্য চিকিৎসা (অস্ত্রোপচার) ও জরুরি সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অতিরিক্ত গরমের পাশাপাশি ঘন ঘন বিদ্যুৎ না থাকায় হাসপাতালের আইসিইউ ও সাধারণ ওয়ার্ডে থাকা ডেঙ্গু ও হামের রোগীরা চরম দুর্বিষহ সময় পার করছেন।
বিদ্যুৎ সংকটের প্রভাব পড়েছে স্থানীয় শিল্প-কারখানা ও ব্যবসা-বাণিজ্যেও। উৎপাদন সচল রাখতে না পেরে ইতিমধ্যে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান কাজের একটি শিফট সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এর ফলে বিপুল সংখ্যক শ্রমিক হঠাৎ কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন। এছাড়া বাণিজ্যিক এলাকাগুলোতে প্রতি ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং এবং সন্ধ্যার পর পুরো এলাকা অন্ধকারে ডুবে থাকার ফলে গ্রাহকরা বাজারে আসছেন না। প্রতিদিন ব্যবসায় লোকসান গুনে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।