গাভীকে নদীতে টেনে নেওয়ার চেষ্টা, গুরুতর জখম | বারবার ভেসে উঠছে বিশাল কুমির

বলেশ্বরে ফের কুমিরের হানা, আতঙ্কে উপকূলবাসী

এস. এম. সাইফুল ইসলাম কবির সিনিয়র স্টাফ রিপোর্টার, বাগেরহাট   |   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   137 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বলেশ্বরে ফের কুমিরের হানা, আতঙ্কে উপকূলবাসী

বলেশ্বরে ফের কুমিরের হানা গাভীকে নদীতে টেনে নেওয়ার চেষ্টা আতঙ্কে উপকূলবাসী

-সংগৃহীত

এস. এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে:
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটের শরণখোলায় আবারও কুমিরের আতঙ্ক দেখা দিয়েছে। সোমবার দুপুরে বলেশ্বর নদসংলগ্ন চরে কচুরিপানা খাওয়ার সময় একটি গাভীর ওপর হামলা চালায় বড় আকৃতির একটি কুমির। গাভীটিকে নদীর দিকে টেনে নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে তাড়া করে কুমিরটিকে গাভীটি ছেড়ে নদীতে চলে যেতে বাধ্য করেন।
কুমিরের হামলায় গাভীটির পেছনের অংশ ও ওলান গুরুতর জখম হয়েছে। পরে কুমিরটি নদীতে চলে গেলেও এলাকাটি ছেড়ে যায়নি। কিছুক্ষণ পরপর বলেশ্বর নদে কুমিরটিকে ভেসে উঠতে দেখা যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ঘটনায় নদীতে গোসল, মাছ ধরা এবং চরে গবাদিপশু চরানো নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, প্রায় দুই সপ্তাহ ধরে বলেশ্বর নদসংলগ্ন এলাকায় বড় আকৃতির একটি কুমিরের বিচরণ লক্ষ্য করা যাচ্ছে। গত ১৪ সেপ্টেম্বর দক্ষিণ সাউথখালীর বাবলাতলা ও গাবতলা-সংলগ্ন বলেশ্বর নদে প্রায় ১২ থেকে ১৩ ফুট লম্বা একটি কুমির দেখা যায়। এবার বগী এলাকায় গবাদিপশুর ওপর হামলা চালানো কুমিরটিও একই কুমির হতে পারে বলে স্থানীয়দের ধারণা।
ক্ষতিগ্রস্ত গাভীর মালিক পুতুল বেগম জানান, চারটি গরু বলেশ্বর নদের চরে কচুরিপানা খাচ্ছিল। দুপুর ১টার দিকে হঠাৎ নদ থেকে একটি কুমির উঠে এসে একটি গাভীর পেছনের অংশে কামড়ে ধরে নদীর দিকে টেনে নিতে থাকে। স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে তাড়া করলে কুমিরটি গাভীটিকে ছেড়ে নদীতে চলে যায়। গাভীটির আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।
প্রত্যক্ষদর্শী রাসেল ও সুজন জানান, তারা নদীর পাড়ে বসে ছিলেন। এ সময় কুমিরটিকে গাভীটি টেনে নদীর দিকে নিয়ে যেতে দেখেন। পরে কয়েকজন মিলে তাড়া করলে কুমিরটি গাভীটিকে ছেড়ে দেয়।
শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক মাসুম বিল্লাহ বলেন, কুমিরের আক্রমণে গাভীটি গুরুতর জখম হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, গরুর ওপর কুমিরের হামলার খবর পেয়ে বনরক্ষীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কুমিরটির গতিবিধি পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি জানান, আলীবান্দা ইকো-ট্যুরিজম কেন্দ্রের আশপাশেও একটি কুমিরের বিচরণ রয়েছে। সেটি মাঝেমধ্যে রেঞ্জ অফিসের সামনের নদীতে চলে আসে এবং পরে আবার আলীবান্দা এলাকায় ফিরে যায়। বগী এলাকায় দেখা কুমিরটিও একই কুমির হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কুমিরের উপস্থিতি ও গবাদিপশুর ওপর হামলার ঘটনায় বলেশ্বর নদসংলগ্ন বগীসহ আশপাশের এলাকায় উদ্বেগ বেড়েছে। স্থানীয়রা নদে চলাচল ও গবাদিপশু চরানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।

মন্তব্য করুন
সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফাউন্ডেশন (UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]