নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 136 বার পঠিত | পড়ুন মিনিটে
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার অভিযোগ তুলে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা জিয়া মঞ্চ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের আজাদী ময়দানে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।
জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন মুক্তি, সদস্যসচিব (ভারপ্রাপ্ত) এ এস এম ফারুক, পৌর জিয়া মঞ্চের সভাপতি আব্দুর রাকিব, সাধারণ সম্পাদক মোজাহার উদ্দীন বাবলা, সদর উপজেলা কমিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক ও জেলা কমিটির সদস্য আনোয়ার হোসেন খান মুকুলসহ নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের চেষ্টা করছে। তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থাকবে।
বক্তারা আরও বলেন, দেশে কোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জিয়া মঞ্চের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন।