ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 127 বার পঠিত | পড়ুন মিনিটে

কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেঘনার মুজাফফর আলী হাই স্কুল অ্যান্ড কলেজে নেওয়া হলো প্রশংসনীয় উদ্যোগ। জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থী পেলেন আর্থিক সহায়তা ও ক্রেস্ট। 🎓🏆 #মেঘনা #কুমিল্লা #শিক্ষা #কৃতীশিক্ষার্থী #জিপিএ৫ #শিক্ষার্থীদেরসহায়তা #SCSCNEWS
কুমিল্লার মেঘনায় মুজাফফর আলী হাই স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থী এবং অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত এক শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তিন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কলেজের হলরুমে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মুজাফফর আলী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খন্দকার মোহাম্মদ আবদুর রউফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি এম. এম. মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মাইন উদ্দিন, বড়কান্দা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবু বক্কর সিদ্দিক, কান্দারগাঁও গ্রামের জমিদাতা পরিবারের সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল মালেক এবং দাতা সদস্য মিজানুর রহমান। এ ছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এম. এম. মিজানুর রহমান একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের এখন থেকেই পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষাজীবনে শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার্থীদের লক্ষ্য হওয়া উচিত নয়; একই সঙ্গে নিজেদের প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখার দায়িত্বও তাঁদের রয়েছে। শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা নিয়ে প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ লক্ষ্যে পৌঁছাতে পারবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া আইরিন ও সারিকা কবির এবং অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ইয়ানুর আক্তারকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি তিন শিক্ষার্থীকেই ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
এর মধ্যে আইরিনের পরিবারের আর্থিক অস্বচ্ছলতা এবং তাঁর মা না থাকায় প্রতিষ্ঠানের সভাপতি এম. এম. মিজানুর রহমান ব্যক্তিগত উদ্যোগে তাঁকে আরও ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। ফলে আইরিন প্রতিষ্ঠান থেকে দেওয়া সহায়তার পাশাপাশি ব্যক্তিগতভাবেও অতিরিক্ত সহযোগিতা পান।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও পড়াশোনায় উৎসাহিত করতে এর আগেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়েছে। কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের শিক্ষাজীবনে সহযোগিতা করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূগোল ও পরিবেশ বিষয়ের প্রভাষক মো. মান্নান হোসেন এবং কৃষি শিক্ষা বিষয়ের প্রভাষক মো. সামিউল হোসাইন অনিক।