নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | 55 বার পঠিত | পড়ুন মিনিটে

শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, হাইজিন উপকরণ ও হারমোনিয়াম বিতরণ
রাজবাড়ীর কালুখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমকে গতিশীল করা এবং সাংস্কৃতিক চর্চা উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, হাইজিন উপকরণ ও হারমোনিয়াম বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় কালুখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের ২০২৫–২৬ অর্থবছরের এডিপি (বিশেষ) বরাদ্দের আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান ও প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, হাইজিন উপকরণ এবং হারমোনিয়াম তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়; খেলাধুলা, সংস্কৃতি ও স্বাস্থ্যসচেতনতা শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন এবং নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে শিক্ষক-অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।