ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 291 বার পঠিত | পড়ুন মিনিটে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম দিনে সারাদেশে উৎসবমুখর প্রচারণা শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ জানিয়েছেন, বরিশাল-৫ আসনের হেভিওয়েট প্রার্থী সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বরিশাল সদর রোড থেকে নেতাকর্মীদের সঙ্গে প্রচারণা শুরু করেন।
ঢাকা-৪ আসনের প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী জুরাইন তুলাবাগিচা এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। খুলনা-৩ এবং খুলনা-৪ আসনের প্রার্থীরাও যথাক্রমে দৌলতপুর ও দিঘলিয়া এলাকা থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করেন।
গাজীপুর-৫, কুমিল্লা-২ ও ঢাকা-১১ আসনের প্রার্থীরাও নিজ এলাকার মানুষের সঙ্গে সরাসরি মেলামেশা ও প্রচারণা কার্যক্রম শুরু করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারাদেশের ২৫৯ আসনের সব প্রার্থী উৎসবমুখর পরিবেশে একযোগে প্রচারণায় অংশগ্রহণ করছেন। এ সময় দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষও সরাসরি প্রচারণায় অংশ নেন।