ডেস্ক রিপোর্ট | সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 199 বার পঠিত | পড়ুন মিনিটে

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তাও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে শ্রীলঙ্কার স্থানীয় বাজারে। দেশটির ইতিহাসে সর্বোচ্চ মূল্যে পৌঁছেছে স্বর্ণ, যেখানে কলম্বো গোল্ড মার্কেটে ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ৩,১৪,৭০০ শ্রীলঙ্কান রুপিতে।
বাজার বিশ্লেষকদের মতে, গত এক সপ্তাহে স্বর্ণের দামে প্রায় ৪,২৩৮ মার্কিন ডলার সমমানের বৃদ্ধি ঘটেছে। এই ঊর্ধ্বগতির প্রধান কারণ হিসেবে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মার্কিন ডলারের ওঠানামা, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা এবং বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকিকে চিহ্নিত করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় বিবাহ ও উৎসবের সময় স্বর্ণ ক্রয়ের প্রবণতায় ব্যাপক ভাটা পড়েছে।
অর্থনীতিবিদরা সতর্ক করেছেন যে, স্বর্ণের দাম বৃদ্ধি সরাসরি মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করতে পারে, যা ইতিমধ্যেই সংকটাপন্ন শ্রীলঙ্কান অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।
সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই মূল্যবৃদ্ধি নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য না এলেও কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, তারা বাজার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষজ্ঞরা পূর্বাভাস দিচ্ছেন, বৈশ্বিক পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত স্বর্ণের দাম নিয়ন্ত্রণে আনা কঠিন হবে।