নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 115 বার পঠিত | পড়ুন মিনিটে

এশিয়ার বাজারে তেলের রেকর্ড ছাড়
-সংগৃহীত
এশিয়ার বাজারে নিজেদের বিশ্বস্ত ক্রেতাভিত্তি ধরে রাখতে এবং অতিরিক্ত পরিবহন ব্যয়ের চাপ সামলাতে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। আগামী নভেম্বর মাসের জন্য এশীয় ক্রেতাদের কাছে বিক্রির উদ্দেশ্যে জ্বালানি তেলের মেটানো দর গত ৬ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নির্ধারণ করেছে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’। সম্প্রতি প্রকাশিত রাষ্ট্রীয় মূল্য নির্ধারণী নথি পর্যালোচনায় নিশ্চিত হওয়া তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের সব পূর্বাভাসের বিপরীত হেঁটে এই নজিরবিহীন ডিসকাউন্ট প্রদান করা হয়েছে।
এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক জরিপ পূর্বাভাসে জানানো হয়েছিল, মধ্যপ্রাচ্যের বেঞ্চমার্ক অনুসরণ করে নভেম্বর মাসে এশিয়ার জন্য তেলের দাম ব্যারেলপ্রতি বৃদ্ধি পেতে পারে। তবে আন্তর্জাতিক পরিস্থিতির বাস্তবতায় সে পূর্বাভাসের বিপরীত সিদ্ধান্ত গ্রহণ করেছে সৌদি আরামকো। নতুন নির্ধারিত দর অনুযায়ী, আগামী নভেম্বরে বিক্রির জন্য প্রতি ব্যারেল ‘আরব লাইট ক্রুড অয়েল’-এর দাম ওমান ও দুবাই বেঞ্চমার্কের গড় মূল্যের তুলনায় সরাসরি ৫ ডলার ডিসকাউন্টে নির্ধারণ করা হয়েছে, যা গত অক্টোবরের বেঁধে দেওয়া দরের চেয়ে ব্যারেলপ্রতি ৩ ডলার কম। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ২০২০ সালের জুন মাসের পর এশীয় বাজারগুলোর জন্য এটিই সৌদি আরবের দেওয়া সবচেয়ে বড় ছাড়।
শুধু ফ্ল্যাগশিপ ‘আরব লাইট’ নয়, এশিয়ার বাজারে সরবরাহ করা অপেক্ষাকৃত ভারী গ্রেডের ‘আরব মিডিয়াম’ ও ‘আরব হেভি’ গ্রেডের তেলের দামও ব্যারেলপ্রতি ৫ ডলার পর্যন্ত কমানো হয়েছে। মূলত হরমুজ প্রণালি ও লোহিত সাগর পরিবেষ্টিত অঞ্চলে বিরাজমান ভূ-রাজনৈতিক সংঘাত এবং এর ফলে শিপিং ফ্রেইট রেট (ট্যাংকার ভাড়া) ও বীমা মাসুল রেকর্ড পরিমাণে বেড়ে যাওয়ায় এশীয় আমদানিকারকদের ওপর ব্যাপক আর্থিক চাপ তৈরি হয়। এশিয়ার বাজারে অন্যান্য প্রতিদ্বন্দ্বী জ্বালানি সরবরাহকারীর উত্থান ঠেকানো এবং অতিরিক্ত পরিবহন খরচের বড় অংশ পুষিয়ে দিয়ে এশীয় ক্রেতাদের ধরে রাখতেই আরামকো এই কৌশলী পদক্ষেপ নিয়েছে।
তবে এশীয় ক্রেতাদের ক্ষেত্রে মূল্য কমানোর নজির দেখা গেলেও ইউরোপের বাজারে পুরোপুরি বিপরীত অবস্থান নিয়েছে আরামকো। উত্তর-পশ্চিম ইউরোপীয় অঞ্চলের ক্রেতাদের জন্য নভেম্বর মাসে সব ধরনের তেলের সরবরাহমূল্য ব্যারেলপ্রতি ৩ ডলার বাড়ানো হয়েছে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের জন্য তেলের পূর্বনির্ধারিত দাম অপরিবর্তিত রাখা হয়েছে।