রুবেল হাওলাদার। | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 212 বার পঠিত | পড়ুন মিনিটে

প্রাথমিকের শিক্ষক নিয়োগে বাকি ৮১৭ জন ১ অক্টোবরের মধ্যে শেষ হবে যাচাই
-সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়া হচ্ছে। এখনো ৮১৭ জনের নিয়োগসংক্রান্ত তথ্য যাচাই-বাছাই বাকি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, আগামী ১ অক্টোবর পর্যন্ত যাচাই-বাছাই ও নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া চলবে। এরপর কতজনের নিয়োগ চূড়ান্ত হলো এবং কারা বাদ পড়লেন, সে বিষয়ে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিয়োগ পরীক্ষায় মোট ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হন। তাঁদের মধ্যে ৫৩০ জন প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে চূড়ান্ত আবেদন করেননি। ফলে তাঁদের নিয়োগ প্রক্রিয়ায় অগ্রসর হওয়া সম্ভব হয়নি।
এরপর মোট ১৩ হাজার ৮৫৪ জন প্রার্থীর চূড়ান্ত আবেদন পাওয়া যায়। তাঁদের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়ায় বিভিন্ন পর্যায়ে দেখা যায়, কিছু প্রার্থী আগের ঠিকানা পরিবর্তন করেছেন। এ কারণে তাঁদের বর্তমান ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য যাচাই করতে সময় লাগছে বলে জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়া হচ্ছে এবং নিয়োগসংক্রান্ত তথ্য ওয়েবসাইটেও প্রকাশ করা হচ্ছে। যেসব প্রার্থীর ক্ষেত্রে তথ্য বা ঠিকানা যাচাই এখনো সম্পন্ন হয়নি, তাঁদের বিষয়টি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা হচ্ছে।
তিনি জানান, এখন পর্যন্ত ৮১৭ জনের নিয়োগপত্র দেওয়া বাকি রয়েছে। তাঁদের ঠিকানা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের কাজ চলছে। ১ অক্টোবর পর্যন্ত এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। এরপর যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে কতজনের নিয়োগ সম্পন্ন হবে, তা জানা যাবে।
মন্ত্রী আরও বলেন, শেষ পর্যন্ত বাকি প্রার্থীদের সংখ্যা কত থাকবে, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। কারও ঠিকানা পাওয়া যেতে পারে, আবার কারও ভেরিফিকেশন বা অন্যান্য তথ্যও আসতে পারে। তাই ১ অক্টোবর পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে সরকার জানিয়েছিল, সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন এবং ৪ অক্টোবর তাঁদের নিজ নিজ বিদ্যালয়ে পদায়নের পরিকল্পনা রয়েছে।