ডেস্ক রিপোর্ট | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 133 বার পঠিত | পড়ুন মিনিটে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল–রামচন্দ্রকুড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাঁকে শোকজ করা হয়েছে। নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভূমি সংক্রান্ত একটি কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৯ হাজার টাকা গ্রহণ করে নিজের ব্যাগে রাখছেন ওই কর্মকর্তা। এ সময় তাঁকে বলতে শোনা যায়, ‘এখানে যা আছে সব খারিজ হবে, কোনো কথা নাই। তুই খালি বাবা টাকা পাঠাবি।’
ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও ক্ষুব্ধ মন্তব্য দেখা যায়।
স্থানীয় সূত্র জানায়, ভূমি সংক্রান্ত সেবা নিতে গিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষ হয়রানি ও অনিয়মের শিকার হচ্ছেন। সরাসরি ঘুষ গ্রহণের ভিডিও প্রকাশ পাওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
নাম প্রকাশ না করার শর্তে নয়াবিল গ্রামের এক ভুক্তভোগী জানান, ২০ শতাংশ জমির নামজারি বা খারিজ করতে গেলে সহকারী ভূমি কর্মকর্তা তাঁর কাছে ৮ হাজার টাকা দাবি করেন। অথচ সরকারি ফি মাত্র ১ হাজার ৭০ টাকা। অতিরিক্ত টাকা কেন লাগবে জানতে চাইলে তিনি বলেন, ‘শুধু সরকারি ফি দিয়ে কাজ হয় না, ওপরে দিতেও খরচ আছে।’ টাকা দিলে কাজ দ্রুত ও ‘সুন্দরভাবে’ করে দেওয়ার আশ্বাস দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে সেলিনা পারভীনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। রোববার সকালেই সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।